আপনার হাতে সম্পদ আছে, কিন্তু আপনি কি নিজামুল মুলকের মতো চিন্তা করেন?
একজন মানুষের হাতে যদি প্রচুর সম্পদ থাকে, রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, মানুষের ওপর প্রভাব থাকে, তাহলে তিনি কী করতে পারেন?
তিনি চাইলে নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারেন। অসংখ্য মানুষকে দান-সদকা করতে পারেন। অনেক সামাজিক কাজ করতে পারেন।
কিন্তু এর বাইরেও যে একটা বিশাল সম্ভাবনা রয়েছে, সেটা আমরা অনেকেই চিন্তা করি না।
একাদশ শতাব্দীর সেলজুক সাম্রাজ্যের উজির নিজামুল মুলক সেই সম্ভাবনাটাই কাজে লাগিয়েছিলেন।
তিনি শুধু একজন প্রশাসক ছিলেন না। তাঁর হাতে ছিল রাষ্ট্রীয় ক্ষমতা, বিপুল সম্পদ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ।
কিন্তু তিনি এই ক্ষমতাকে শুধু নিজের অবস্থান শক্তিশালী করার কাজে ব্যবহার করেননি। তিনি চিন্তা করেছিলেন আরও দীর্ঘমেয়াদে।
তিনি বুঝেছিলেন, একটি মুসলিম সভ্যতাকে শক্তিশালী করতে হলে শুধু সম্পদ থাকলেই হবে না। প্রয়োজন জ্ঞানচর্চা, যোগ্য আলেম তৈরি এবং এমন প্রতিষ্ঠান, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম কাজ করে যাবে।
এই চিন্তা থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিজামিয়া মাদরাসা প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেন। বাগদাদ, নিশাপুরসহ বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠে এই শিক্ষাপ্রতিষ্ঠানের নেটওয়ার্ক।
একটু খেয়াল করুন, তিনি কিন্তু নিজে শিক্ষকতা করতে বসেননি। তিনি নিজে সব আলেম তৈরি করেননি। বরং তিনি এমন একটি ব্যবস্থা তৈরি করেছেন, যেখানে যোগ্য আলেমরা শিক্ষা দিতে পারবেন, শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারবেন এবং দ্বীনি শিক্ষার চর্চা দীর্ঘদিন চলতে থাকবে।
এখানেই আসে ইমাম গাজ্জালী (রহ.)-এর গল্প।
ইমাম গাজ্জালী তখন জ্ঞান ও গবেষণার জগতে নিজের যোগ্যতার পরিচয় দিচ্ছেন। তাঁর মেধা ও জ্ঞান নিজামুল মুলকের নজরে আসে।
নিজামুল মুলক বুঝতে পারেন, এই মানুষটিকে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ দেওয়া দরকার।
১০৯১ সালে তিনি ইমাম গাজ্জালী (রহ.)-কে বাগদাদের বিখ্যাত নিজামিয়া মাদরাসায় অধ্যাপনার দায়িত্ব দেন।
ভাবুন তো, একজনের হাতে রয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক অবকাঠামো। আরেকজনের হাতে রয়েছে অসাধারণ জ্ঞান, মেধা ও চিন্তাশক্তি।
নিজামুল মুলক তৈরি করে দিলেন প্ল্যাটফর্ম। ইমাম গাজ্জালী (রহ.) সেই প্ল্যাটফর্মে নিজের জ্ঞান ও প্রতিভা দিয়ে কাজ করলেন।
পরবর্তী সময়ে ইমাম গাজ্জালী (রহ.) মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী চিন্তাবিদ হয়ে ওঠেন। তাঁর জ্ঞানচর্চা, দর্শন, ধর্মতত্ত্ব ও আত্মশুদ্ধিবিষয়ক কাজ মুসলিম চিন্তাজগতে গভীর প্রভাব ফেলে।
তবে তাঁর জীবনের আরেকটি দিকও আমাদের মনে রাখা দরকার। ১০৯৫ সালে তিনি বাগদাদের অধ্যাপনার পদ ছেড়ে দেন এবং আত্মিক ও আধ্যাত্মিক অনুসন্ধানের পথে বেরিয়ে পড়েন। অর্থাৎ, প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি করা আর একজন মানুষের নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া দুটি আলাদা বিষয়।
এবার মূল জায়গায় আসি।
আমাদের সমাজে অনেক মানুষের হাতে সম্পদ রয়েছে। কারও হাতে ব্যবসা আছে, কারও হাতে অর্থ আছে, কারও হাতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ও প্রভাব রয়েছে।
কিন্তু তাঁরা অনেক সময় ভাবেন, ইসলামের জন্য কিছু করতে হলে মাদরাসায় দান করতে হবে, এতিমদের সাহায্য করতে হবে, কিংবা বিভিন্ন জায়গায় অনুদান দিতে হবে।
অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু এর বাইরেও কি আরও বড় কিছু করার সুযোগ নেই?
আপনি চাইলে একজন মেধাবী আলেমের গবেষণার দায়িত্ব নিতে পারেন। ইসলামি জ্ঞানচর্চার জন্য একটি গবেষণা প্রতিষ্ঠান তৈরি করতে পারেন। যোগ্য শিক্ষকদের জন্য স্থায়ী অর্থায়নের ব্যবস্থা করতে পারেন। এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারেন, যেখান থেকে আগামী কয়েক প্রজন্মের আলেম, গবেষক ও চিন্তাবিদ তৈরি হবে।
আপনাকে সবকিছু নিজে করতে হবে না। আপনার কাজ হতে পারে সঠিক মানুষকে খুঁজে বের করা, তাকে প্রয়োজনীয় সুযোগ দেওয়া এবং তার কাজের জন্য একটি কার্যকর ব্যবস্থা তৈরি করা।
এটাই Entrepreneurial Mindset।
একজন সাধারণ দানকারী হয়তো একটি নির্দিষ্ট সময়ে কিছু মানুষের উপকার করেন। আর একজন Visionary Institution Builder এমন একটি ব্যবস্থা তৈরি করেন, যেটি দীর্ঘদিন ধরে অসংখ্য মানুষের উপকার করতে পারে।
নিজামুল মুলকের কাছ থেকে আমার শেখার জায়গাটা এখানেই।
আপনার হাতে কত টাকা আছে, সেটি বড় কথা নয়। আপনার হাতে যে সম্পদ, ক্ষমতা, সুযোগ ও প্রভাব রয়েছে, সেগুলো দিয়ে আপনি আগামী ৫০ কিংবা ১০০ বছরের জন্য কী তৈরি করতে পারবেন, সেটাই আসল প্রশ্ন।
আপনার ভিশন যদি বড় হয়, তাহলে আপনি শুধু সম্পদশালী মানুষ হয়েই থাকবেন না। আপনি এমন একটি পরিবর্তনের সূচনা করতে পারেন, যার সুফল আপনার মৃত্যুর পরও মানুষ পেতে থাকবে।
© আরিফুল ইসলাম