Posts of Dr. M R Sifat
আমাদের অজুহাতগুলো অনেক সময় আমাদের চেষ্টার চেয়েও বড় হয়ে যায়! আমরা অনেকেই এখন একটা কাজে বেশ অভ্যস্ত হয়ে গেছি। কোনো কিছু করতে পারছি না কেন, সেটা বোঝানোর জন্য আমাদের কাছে অনেক কারণ আছে। কখনো কাজের চাপ, কখনো পরিবারের দায়িত্ব, কখনো ক্লান্তি, কখনো সময়ের অভাব। আর মজার ব্যাপার হলো, আমাদের প্রতিটি কারণই হয়তো সত্যি। সত্যিই হয়তো কাজের অনেক চাপ। সন্তানদের সময় দিতে হয়। সারাদিনের ব্যস্ততা শেষে শরীর আর মন কোনোটাই সায় দেয় না। কিন্তু এত সব কারণের পরেও নিজেদের কাছে একটা প্রশ্ন কি আমরা করতে পারি না? সত্যিই কি আমার কিছুই করার নেই? হয়তো আমরা কোনো কাজ করতে না পারার কারণ খুঁজতেই এত বেশি সময় ব্যয় করি যে, সেই কাজটা করার জন্য সামান্য একটা পথ খুঁজে দেখার সময়টুকুও আর থাকে না। আমরা বলি, দ্বীনি জ্ঞান অর্জনের জন্য সময় পাই না। আচ্ছা, প্রতিদিন কি দশ মিনিটও বের করা সম্ভব নয়? এক ঘণ্টা পড়ার সুযোগ নেই, ঠিক আছে। সপ্তাহে তিন দিন বিশ মিনিট করে সময় বের করা কি একেবারেই অসম্ভব? হয়তো আমাদের চাওয়া মতো রুটিনটা এখন আর সম্ভব নয়। জীবনের এই সময়ে হয়তো আগের মতো সময়, সুযোগ কিংবা শক্তি কোনোটাই নেই। কিন্তু তাই বলে কি একটুও এগোনোর সুযোগ নেই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ "আর যারা আমার পথে চেষ্টা-সাধনা করে, আমি অবশ্যই তাদের আমার পথগুলো দেখাব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন।" — সূরা আল-আনকাবুত, ২৯:৬৯ শায়খ আবদুর রহমান আস-সা'দী (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করেছেন, যারা ইসলামী জ্ঞান অর্জনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করে, আল্লাহ তাদের জ্ঞান অর্জনের পথ সহজ করে দেন এবং সঠিক পথের দিশা দেন। এর অর্থ এই নয় যে, আমরা চেষ্টা শুরু করলেই জীবনের সব বাধা দূর হয়ে যাবে। সব কঠিন পরিস্থিতি সহজ হয়ে যাবে। কখনো কখনো বাস্তবতা এমন হয় যে, আগে যতটুকু সময় বা শ্রম দিতে পারতাম, এখন আর ততটুকু পারি না। এটা জীবনেরই অংশ। কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখা দরকার। আমাদের সামর্থ্য কমে যাওয়া আর একেবারেই চেষ্টা না করার সিদ্ধান্ত নেওয়া, দুটো এক বিষয় নয়। আমরা হয়তো আগের মতো এক ঘণ্টা পড়তে পারব না। কিন্তু বিশ মিনিট তো পারি। হয়তো প্রতিদিন পারব না, কিন্তু সপ্তাহে কয়েক দিন পারি। হয়তো অনেক কিছু একসঙ্গে শিখতে পারব না, কিন্তু প্রতিদিন একটি ছোট বিষয় শিখতে তো পারি। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, "যা তোমার উপকারে আসে, তার জন্য আগ্রহী হও। আল্লাহর সাহায্য চাও এবং হাল ছেড়ে দিয়ো না।" — সহিহ মুসলিম, ২৬৬৪ কত সুন্দর একটা নির্দেশনা! যা আমাদের উপকারে আসবে, সেটার জন্য চেষ্টা করব। আল্লাহর কাছে সাহায্য চাইব। আর পরিস্থিতি কঠিন বলে হাল ছেড়ে দেব না। আমাদের নিজেদের জীবন অন্য কারও জীবনের সঙ্গে মেলানোরও প্রয়োজন নেই। যার জীবনে অনেক অবসর, তার সঙ্গে আমাদের তুলনা করে লাভ কী? কারও দায়িত্ব কম, কারও দায়িত্ব বেশি। কারও সুযোগ আছে, কারও নেই। কিন্তু তাই বলে নিজেদের বর্তমান অবস্থার মধ্যে যতটুকু সম্ভব, সেটুকুও কি আমরা করব না? আমরা অনেক সময় অপেক্ষা করি, একটা ভালো সময় আসুক। কাজের চাপ কমুক, সংসার একটু গুছিয়ে উঠুক, সন্তানরা বড় হোক, পরিবেশটা একটু শান্ত হোক। তারপর না হয় নিয়মিত পড়াশোনা শুরু করব, দ্বীনি জ্ঞান অর্জন করব, নিজের উন্নতির দিকে মনোযোগ দেব। কিন্তু সেই কাঙ্ক্ষিত সময়টা হয়তো কখনোই ঠিক আমাদের কল্পনার মতো করে আসবে না। তাই আমাদের একবার থেমে ভাবা দরকার, আল্লাহ আমাদের এই মুহূর্তে যে সময়, সুযোগ আর সামর্থ্য দিয়েছেন, তা দিয়ে আমরা কী করতে পারি? আমরা কী করতে চাই, সেটা নয়। অন্যরা কতটুকু করছে, সেটাও নয়। আমরা নিজেরা এখন কতটুকু করতে পারি? সেখান থেকেই শুরু হোক। হয়তো আজ দশ মিনিট। হয়তো একটি পৃষ্ঠা। হয়তো একটি ছোট্ট বিষয় শেখা। কাজটা খুব সামান্য মনে হতে পারে। কিন্তু এই সামান্য চেষ্টাটাই যদি আমরা ধরে রাখতে পারি, একসময় সেটাই অনেক বড় হয়ে উঠবে। মনে রাখতে হবে, বছরের পর বছর ধরে করা ছোট ছোট চেষ্টার ফল কখনো ছোট থাকে না। আর কোনো কাজ শুরু না করার পেছনে আমাদের যত সুন্দর যুক্তিই থাকুক না কেন, দিনশেষে সেগুলো শুধু অজুহাতই থেকে যায়। তাই আসুন, নিজেদের অজুহাতগুলো একটু কমাই। আল্লাহর কাছে সাহায্য চাই। আর যতটুকু পারি, আজ থেকেই শুরু করি। - AMAU টিম এর লেখা থেকে অনূদিত
Open in Telegramছোটবেলায় মনে হতো, PSC পরীক্ষায় ভালো ফলাফল করতে পারলেই বুঝি জীবনে সফলতার প্রথম দরজাটা খুলে যাবে। PSC শেষ হলো। তারপর শুনলাম, ওটা তো কেবল শুরু। আসল পরীক্ষা সামনে, JSC-তে। JSC-তে ভালো ফলাফল করার পরও স্বস্তি মিলল না। সবাই বলল, SSC-ই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। এখানে ভালো না করলে ভবিষ্যৎ অন্ধকার! SSC শেষ হতে না হতেই শুরু হলো নতুন দুশ্চিন্তা। HSC-তে ভালো ফলাফল করতে হবে। কারণ, জীবনের আসল যুদ্ধ নাকি সেখানেই। HSC পেরিয়ে বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেলে ভর্তি হওয়ার পর মনে হলো, এবার বুঝি সব ঠিক হয়ে গেল। কিন্তু না! এবার শুরু হলো ভালো CGPA, ভালো রেজাল্ট, ভালো চাকরি আর প্রতিষ্ঠিত হওয়ার প্রতিযোগিতা। যেদিন চাকরি হলো, সেদিন শুনলাম, শুধু চাকরি পেলেই হয় না। ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে হবে। প্রতিষ্ঠিত হওয়ার পর শুনলাম, আরও একটু ওপরে উঠতে হবে। আরও ভালো পদ, আরও বেশি আয়, আরও বড় পরিচয়। এভাবেই একদিন চুলে পাক ধরল। শরীরের শক্তি কমল। যে স্বপ্নগুলো পূরণের জন্য এত বছর ছুটেছি, সেগুলোর অনেক কিছুই তখন আর আগের মতো আনন্দ দিল না। অবসরের এক বিকেলে হয়তো মানুষটা বারান্দায় বসে ভাববে, "সারা জীবন তো আসল পরীক্ষার প্রস্তুতিই নিলাম। তাহলে জীবনটা উপভোগ করব কখন?" অথচ ছোটবেলার সেই PSC পরীক্ষার সময়টাও জীবন ছিল। JSC, SSC, HSC-র সময়টাও জীবন ছিল। বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততা, চাকরির সংগ্রাম, সংসারের দায়িত্ব, সবকিছুই জীবনের অংশ ছিল। আমরা শুধু ভবিষ্যতের একটা সুন্দর দিনের অপেক্ষায় থেকে বর্তমানের অসংখ্য সুন্দর দিন হারিয়ে ফেলেছি। জীবনের সবচেয়ে বড় ভুল সম্ভবত এখানেই। আমরা জীবনকে একটা গন্তব্য ভেবে ছুটতে থাকি, অথচ জীবন আসলে প্রতিদিনের পথচলা। সফল হতে হবে, স্বপ্ন দেখতে হবে, পরিশ্রমও করতে হবে। কিন্তু সেই পরিশ্রমের ভিড়ে নিজের জন্য, পরিবারের জন্য, প্রিয় মানুষগুলোর জন্য একটু সময় রাখতেও হবে। কারণ, জীবনের সব পরীক্ষায় প্রথম হয়েও যদি শেষবেলায় মনে হয়, জীবনটাই ঠিকমতো বাঁচা হলো না, তাহলে সেই সফলতার আনন্দ কোথায়? মনে রাখবেন, জীবন কোনো পরীক্ষার পর শুরু হবে না। জীবন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আর এই মুহূর্তটাও আপনার জীবনেরই একটা অংশ, যা একবার চলে গেলে আর কখনো ফিরে আসবে না।
Open in Telegramআলহামদুলিল্লাহ্, 3d printed bones এর ক্ষেত্রে আরেকটি বড় অর্জন!! এবার বাংলাদেশ ইলিজারোভ সোসাইটি এর ওয়ার্কশপের সকল bones আমরাই ইরেঞ্জ করে দিচ্ছি। শুধু তাই না অলরেডি রাশিয়া এবং চায়নার দুজন স্টুডেন্ট ও আমাদের থেকে bones নিয়েছে। প্রায় ৩০ এর অধিক মানুষ আমাদের থেকে Base of the skull নিয়েছেন, স্টিল কারও থেকে কমপ্লেইন আসেনি আলহামদুলিল্লাহ। বেশ কিছু হাফ সেট , ফুল সেট ও ইতোমধ্যে সেল হয়েছে এগুলো দিয়ে পড়াশোনা করে মানুষ কার্ড টার্ম ও ক্লিয়ার করছে। 3d প্রিন্টেড আর্টিফিশিয়াল bones এখন আর কোনো স্বপ্ন না বরং বাস্তব ফ্যাক্ট। শুধু bones না বিভিন্ন মেডিকেল মডেল ও এখন 3d প্রিন্টিং এর মাধ্যমে তৈরি করা যায়। বাংলাদেশে একাধিক পেজ এসব নিজে কাজ করছে। অনেকেই বিষয়গুলো জানেনা তাই আবারও পোস্ট করা। আমরা আশা করছি সামনের দিনগুলোতে মানুষ এমন চুরি করা মানব কংকালের পরিবর্তে আর্টিফিশিয়াল bones কেই প্রায়োরিটি দিবে ইনশা আল্লাহ। Dr. M R Sifat Co Founder 3D Verse
Open in Telegramআপনার মা দিনে ৫ বার ফোন দেয় তাই না? কি করছো, খেয়েছো, কোথায় আছো, কখন আসবে... মাঝে মাঝে বিরক্ত লাগে, মনে হয় একটু বড় হয়েছি, এত খোঁজ নেওয়ার কি আছে? একবার ভাবুন, জাস্ট আগামীকাল থেকে যদি ওই নাম্বারটা থেকে আর কোনো কল না আসে? যদি ফোনটা একদম চুপ হয়ে যায়? তখন আপনার ফোনটা ঠিকই সাইলেন্ট থাকবে, কেউ আর বারবার বিরক্ত করবে না। কিন্তু একই সাথে, অফিসে লাঞ্চ করেছেন কিনা কেউ আর জিজ্ঞেস করবে না। বাইরে বৃষ্টি হচ্ছে দেখে কেউ আর বলবে না - বাবা ছাতাটা নিয়ে বের হ। রাতে ফিরতে দেরি হলে দরজার কাছে কেউ আর লাইট জ্বালিয়ে বসে থাকবে না। আমরা বিরক্ত হই, কিন্তু ভুলে যাই এই বিরক্ত করাটাই তার ভালোবাসা। এই মানুষটা ছাড়া দুনিয়াতে নিঃস্বার্থভাবে আপনার জন্য দোয়া করার আর কেউ নেই। থাকতে থাকতে একটু সময় দিন, ফোনটা একটু হাসিমুখে ধরুন। শুধু এইটুকু বদলালেই দেখবেন, আপনার মনের অস্থিরতাটা কত শান্ত হয়ে গেছে।
Open in Telegramথ্রিলার লিংক - 1. সিঁড়িতে মৃত্যুফাঁদ https://www.facebook.com/100077796032714/posts/pfbid0sTNzzvWTdcfwfUXVYqoSEbDfbKrkZheAPn6ezcrLvF85agJkkrtPW5XUkwg39Y2El/ 2. নতুন বউয়ের মাথা ব্যাথা https://www.facebook.com/100077796032714/posts/pfbid0EGG9qpz2UhT4wVB7UWcssLZgWCFaeSSZugYRTNxKR2SSj5qea2i6D269VyQWW2mtl/ 3. পরের সপ্তাহে - https://www.facebook.com/100077796032714/posts/pfbid0HyjW7h5N9e8v7DiqnUV4LQHhdK8phgWzTuTuE6peCanWQ43G5kLz1HtfQXqhSyhRl/ 4. রক্ত যখন রক্ত খায় - https://www.facebook.com/100077796032714/posts/pfbid07UfkDQvGdctdSfB12YMHgpUgA5ap8K99sdpicKbpvBV2sDDLMER1k5nuaxLsUJeSl/ 5. আমার রোগী ভূত দেখেছিল https://www.facebook.com/share/p/1DuvP23pYx/ 6. আয়রন ম্যান https://www.facebook.com/share/p/1Vothkdw3c/ 7. বন্ধ দরজার ওপারে https://www.facebook.com/share/p/1HpSC2J4VK/ 8. পাহাড়ের দানব https://www.facebook.com/drmrsifat72/posts/pfbid02Zd4oXVgPidvNo9yA96uGetZn5ehgQkgb3CEeUjLG6L93cyYRKE3XVwxfZUuVPqknl?notif_id=1795427570844528¬if_t=feedback_reaction_generic&ref=notif মেডিকেলের অন্যান্য গল্প - 1. চার পা https://www.facebook.com/100077796032714/posts/pfbid02VyjDG56uDdcwVwnxh4YMnPDuPgavTR65bBskWJcRovErDWdza5qBXpeSmvZfVBUXl/ 2. নতুন ভোরের অপেক্ষায় https://www.facebook.com/100077796032714/posts/pfbid0ERSDzrP6TbNVjgHwSoHe7pxu1wjt9USrVhZeegPt4VAeeYUteapNQBg5E946RY8zl/ 3. পার্ট ওয়ান https://www.facebook.com/100077796032714/posts/pfbid0hswL49vhwiEU7r8Qs8kfXMwAa2tcjyHTTSC5UV7tLCGVSyJHP7tgJgj5BidMKf8Tl/ 4. রোগীর নাম : আমি https://www.facebook.com/100077796032714/posts/pfbid02hTakDjioVAewM28Z9GGYpMTEUfsV6qbhHaDYfXbXB7eA8FSLW6ibnz1fbXZft6WXl/ 5. বাষট্টি https://www.facebook.com/100077796032714/posts/pfbid02rq7y1BQ29LCW38H3kkw4VunCFry5Rqj1xd5cgtvRegnneHZyMnnKeSHPfQceGSEDl/ 6. খাতার শেষ পাতা https://www.facebook.com/100077796032714/posts/pfbid025UFREuqFidiE4ahbhTMvWp9wSwKsfn4867ZupiYBMSD5Q8C3GD67rHLSLuja8PVSl/ 7. আজ আনিসের মন ভালো নেই https://www.facebook.com/100077796032714/posts/pfbid02c9q1UcsuLmiFWMezk1GThPmeJnesV2Yp6MR4bwE1SyUU6YKbxPvgBT7SGsHncDcXl/ (আপডেট হতে থাকবে ইনশা আল্লাহ)
Open in Telegramএকটা বয়স আসলে, কিছু ভালো লাগে না। একটা বয়স আসলে, চাইলেই আর ছুটি মেলে না। ভালো না লাগলেও কাজটা করে যেতে হয়। ছুটির আগে পাঁচজনকে জানিয়ে, আরেকজনকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারপর ছুটি নিতে হয়। চাইলেই যে হুট করে হারিয়ে যাওয়া, সেটা আর হয় না। মেসেঞ্জারের টুংটাং শব্দে চ্যাট হেডে ক্লাস বাদ দেওয়ার ঘোষণা আসে না। ডিসেম্বর আসলে পরীক্ষা শেষের আমেজ আসে না। লম্বা ছুটির অপেক্ষায় দিন গোনা হয় না। বৃহস্পতিবার বিকেল মানেই বাড়ি ফেরার তাড়া থাকে না। একটা বয়স আসলে, শুক্রবারও আর পুরোপুরি শুক্রবার থাকে না। মাথার মধ্যে ঘুরতে থাকে পরের দিনের কাজ, অসমাপ্ত দায়িত্ব আর হাজারটা হিসাব। আগে মন খারাপ হলে বন্ধুদের ডেকে কোথাও বসে থাকা যেত। এখন মন খারাপ হলেও সময়মতো কাজে যেতে হয়। হাসিমুখে সবার সঙ্গে কথা বলতে হয়। কেউ বুঝতেও পারে না, ভেতরে ভেতরে কতটা ক্লান্ত হয়ে আছি। আগে রাত জাগা মানে ছিল আড্ডা, গল্প কিংবা প্রিয় কোনো সিনেমা। এখন রাত জাগা মানে পরের দিনের চিন্তা, কিছু অপূর্ণ কাজ আর ঘুমানোর আগেও মাথার মধ্যে চলতে থাকা হিসাবনিকাশ। একটা বয়স আসলে, বন্ধুদের সঙ্গে দেখা করার জন্যও দিন-তারিখ মিলাতে হয়। যে মানুষগুলোর সঙ্গে একসময় প্রতিদিন দেখা হতো, তাদের সঙ্গে এখন বছরে একবার দেখা হওয়াটাও সৌভাগ্যের ব্যাপার। আগে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হতো হুটহাট। এখন একটা ছোট্ট ট্যুরের জন্যও মাসখানেক আগে থেকে সবকিছু গুছিয়ে রাখতে হয়। শেষ মুহূর্তে কোনো একটা দায়িত্ব এসে পুরো প্ল্যানটাই নষ্ট করে দেয়। একটা বয়স আসলে, বাড়ি যাওয়াটাও আর আগের মতো সহজ থাকে না। আগে ছুটি পেলেই বাড়ি চলে যেতাম। এখন বাড়ি যাওয়ার আগে ভাবতে হয়, কয়দিন থাকা যাবে, কবে ফিরতে হবে, ফিরে এসে কত কাজ জমে থাকবে। অথচ একটা সময় ছিল, যখন জীবনটা এত হিসাবের ছিল না। ক্লাস শেষ করে কোথায় বসব, বিকেলে কার সঙ্গে চা খাব, রাতে কে আড্ডা দেবে, এই ছিল আমাদের বড় বড় চিন্তা। তখন মনে হতো, কবে বড় হব! কবে নিজের মতো করে চলতে পারব! কবে আর কাউকে কিছু না বলে নিজের ইচ্ছেমতো বাঁচতে পারব! অথচ বড় হয়ে দেখি, নিজের মতো করে বাঁচার স্বাধীনতা যতটা বেড়েছে, তার চেয়ে অনেক বেশি বেড়েছে দায়িত্ব। একটা বয়স আসলে, বুঝতে পারি, ছোটবেলার সেই ব্যস্ততাহীন বিকেলগুলোই আসলে কত দামি ছিল। পরীক্ষার পরের নিশ্চিন্ত ঘুম, বন্ধুদের সঙ্গে উদ্দেশ্যহীন হাঁটাহাঁটি, কোনো কারণ ছাড়াই হেসে ওঠা, এসবই ছিল জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর কিছু অংশ। সেই সময়গুলোতে ফিরে যেতে ইচ্ছে করে। খুব ইচ্ছে করে। আবার একদিন মেসেঞ্জারে কেউ লিখুক, 'কাল ক্লাস হবে না।' আবার ডিসেম্বর আসুক পরীক্ষা শেষের আনন্দ নিয়ে। আবার কোনো এক বিকেলে মনে হোক, আজ আর কোনো কাজ নেই। কোথাও যাওয়ার তাড়া নেই। কালকের কোনো চিন্তা নেই। কিন্তু একটা বয়স আসলে, বুঝে যাই, সব ইচ্ছা পূরণ হওয়ার নয়। জীবন থেমে থাকে না। আমরাও থামতে পারি না। শুধু মাঝেমধ্যে খুব ইচ্ছে করে, সব দায়িত্ব একটু পাশে রেখে, কোনো এক পুরোনো বিকেলে ফিরে যাই। যে বিকেলে সময়ের অভাব ছিল না, দায়িত্বের এত হিসাব ছিল না। একটা বয়স আসলে বুঝতে পারি, আমরা বড় হওয়ার জন্য যতটা অধীর ছিলাম, ছোটবেলায় ফিরে যাওয়ার জন্য তার চেয়েও বেশি অসহায়। //হাবিজাবি//
Open in Telegramআপনি ফেসবুকে কারো ভালো খবর দেখলেন। নতুন চাকরি, নতুন বাড়ি, সুন্দর জীবন। আপনি মুখে বললেন, “মাশাআল্লাহ”। কিন্তু ভেতরে কোথাও একটু খচখচ করলো। মনে হলো, “ওর কেন হলো, আমার কেন হলো না?” এটাই হাসাদ। হিংসা। এটা এমন এক আগুন, যা অন্যের ক্ষতি করার আগেই নিজেকেই পুড়িয়ে দেয়। ভেতরটা জ্বলে যায়, কিন্তু বাইরে থেকে কেউ বোঝে না। রাসুলুল্লাহ (স.) বলেছেন, “তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। কেননা হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে, যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে।” আবু দাউদ ৪৯০৩ হিংসা এত ভয়ংকর কেন? কারণ আপনি আল্লাহর ফায়সালার ওপর অসন্তুষ্ট হচ্ছেন। আল্লাহ যাকে যা দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন। অথচ আপনি জানেন না, সেই নিয়ামতের সাথে তার কী পরীক্ষা আছে। আল্লাহ বলেন, “আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে যা দিয়েছেন, সে জন্য কি তারা মানুষকে হিংসা করে?” সূরা নিসা ৫৪ আজ কারো ভালো দেখলে দোয়া করুন। মন থেকে বলুন, “আল্লাহ, তারটা বাড়িয়ে দিন, আমাকেও কল্যাণ দিন।” কারণ অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করেন। হিংসা কমান, রিজিক এমনিতেই বরকতময় হয়ে যাবে।
Open in Telegramজীবনের কিছু আঘাত শরীরে লাগে না, লাগে হৃদয়ের গভীরে। কিছু কষ্টের কোনো দৃশ্যমান ক্ষত থাকে না, অথচ সেই কষ্ট মানুষকে ভেতর থেকে একটু একটু করে ভেঙে দেয়। কখনো প্রিয় মানুষের দেওয়া আঘাতে, কখনো অপূর্ণ স্বপ্নের বেদনায়, কখনো বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় আমরা এমনভাবে ভেঙে পড়ি যে, নিজের কাছেই নিজেকে অচেনা মনে হয়। আমরা তখন চেষ্টা করি নিজেকে সামলে নিতে। হৃদয়ের ভাঙা টুকরোগুলো কুড়িয়ে আবার আগের মতো হতে চাই। কিন্তু কিছু ক্ষত এত গভীর হয় যে, শত চেষ্টা করেও সেগুলো সারিয়ে তোলা যায় না। ঠিক তখনই মনে রাখা প্রয়োজন, আমাদের একজন রব আছেন। তাঁর নাম আল-জাব্বার। আল-জাব্বার! যিনি পরাক্রমশালী, যাঁর ইচ্ছার সামনে সবকিছুই নত। আবার এই নামের অর্থের মধ্যেই রয়েছে ভাঙাকে জোড়া লাগানো, অভাব পূরণ করা এবং বিপর্যস্তকে পুনরুদ্ধার করার এক গভীর তাৎপর্য। মানুষ হয়তো তোমার হাসিটুকু দেখে, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকা কান্না দেখে না। মানুষ হয়তো তোমার নীরবতা বোঝে না, কিন্তু আল্লাহ জানেন তোমার না-বলা প্রতিটি কষ্ট। তুমি কতবার ভেঙে পড়েছ, কত রাত চোখের পানিতে কাটিয়েছ, কত স্বপ্ন বুকের ভেতর নীরবে দাফন করেছ, সবই তিনি জানেন। যিনি তোমার হৃদয় সৃষ্টি করেছেন, সেই হৃদয়ের ক্ষত সারিয়ে দেওয়ার ক্ষমতাও তো তাঁরই। তাই সবকিছু নিজে নিজে ঠিক করার বোঝা একা বহন করতে যেয়ো না। তোমার অপূর্ণতা, ব্যর্থতা, ভাঙা স্বপ্ন আর ক্লান্ত হৃদয়টুকু নিয়ে তাঁর কাছেই ফিরে যাও। হয়তো তিনি তোমাকে হারানো সবকিছু ফিরিয়ে দেবেন না। হয়তো সবকিছু আগের মতোও হবে না। কিন্তু তিনি চাইলে তোমার হৃদয়ে এমন প্রশান্তি দিতে পারেন, যার কাছে অতীতের গভীরতম যন্ত্রণাও একদিন সহনীয় হয়ে উঠবে। হয়তো যে আঘাতকে তুমি জীবনের শেষ ভেবেছিলে, সেই আঘাত থেকেই তিনি তোমার জন্য নতুন কোনো শুরুর পথ খুলে দেবেন। কারণ আল-জাব্বারের কাছে কোনো ভাঙনই মেরামতের অতীত নয়। কোনো হৃদয়ের ক্ষতই তাঁর ক্ষমতার বাইরে নয়। তাই আজ নিজের ভাঙা হৃদয়টুকু নিয়ে তাঁর কাছে বলো, “ইয়া জাব্বার! আমি ক্লান্ত। নিজেকে সামলাতে সামলাতে আমি পরিশ্রান্ত। আমার হৃদয়ের যে ক্ষতগুলো কাউকে দেখাতে পারি না, তুমি সেগুলো জানো। আমার ভাঙা মনটাকে তোমার রহমতে জোড়া লাগিয়ে দাও। যা হারিয়েছি, তার জন্য সবর দাও। যা পাইনি, তার জন্য প্রশান্তি দাও। আর যা আমার জন্য কল্যাণকর, তার দিকে আমাকে ফিরিয়ে দাও।” মনে রেখো, পৃথিবীর সবাই তোমার ভাঙনের কারণ বুঝতে না পারলেও, আল-জাব্বার তোমার প্রতিটি ভাঙা টুকরোর খবর রাখেন। আর যে হৃদয় আল্লাহর কাছে আশ্রয় খুঁজে পায়, সে হৃদয় কখনোই সম্পূর্ণ আশ্রয়হীন নয়।
Open in Telegramআপনার ঘরে ফ্রিজ ভর্তি খাবার, গায়ে সুন্দর জামা, মাথার ওপর ছাদ আছে। তবুও মন খারাপ — কারণ অন্যের কাছে আরও বেশি আছে। অন্যের ছবি দেখে আপনার নিজের জীবনটাকে ছোট মনে হচ্ছে। এটাই না-শোকরি। আল্লাহর দেওয়া অগণিত নিয়ামত চোখে পড়ে না, শুধু যা পাননি সেটাই বড় মনে হয়। রাসুলুল্লাহ (স.) বলেছেন, “ওপরের দিকে নয়, নিচের দিকে তাকাও। তাহলে আল্লাহর নিয়ামতকে তুচ্ছ মনে হবে না।” সহিহ মুসলিম ২৯৬৩ না-শোকরি এত ক্ষতিকর কেন? কারণ শোকর না করলে নিয়ামত বাড়ে না, বরং কমে যায়। আর অশান্তি কখনো শেষ হয় না। আল্লাহ বলেন, “যদি তোমরা শোকর করো, তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব।” সূরা ইবরাহিম ৭ আজ একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনার কাছে এমন কী আছে, যা বহু মানুষ আল্লাহর কাছে কেঁদে চায়? যা আছে, তার জন্য আলহামদুলিল্লাহ বলুন। দেখবেন, যা নেই, তার আফসোস এমনিতেই কমে গেছে।
Open in Telegramসেই রাতেই সব শুরু হলো। ভিটামিন এ খাওয়ানো হলো, পরদিন আরেক ডোজ। শিরায় অ্যান্টিবায়োটিক চলল। নাকে বাবল সিপ্যাপ বসানো হলো। স্যালাইন, জ্বরের ওষুধ, রক্ত পরীক্ষা, বুকের এক্স-রে। নার্সরা প্রতি ঘণ্টায় এসে অক্সিজেন মাপেন, শ্বাস গোনেন, খাতায় লেখেন। ডাক্তাররা রাতে তিনবার, চারবার করে আসেন। প্রথম দুই দিন মনে হচ্ছিল আরশি একটু ভালো হচ্ছে। অক্সিজেন বিরানব্বই-তিরানব্বইয়ে উঠেছিল। একবার চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে ছিল। খুব দুর্বলভাবে, কিন্তু তাকিয়ে ছিল। মারুফা ওয়ার্ডের বারান্দায় গিয়ে নামাজ পড়েছিল, আর অনেকক্ষণ কেঁদেছিল। . এখন আবার রাত। তিন দিন পর জ্বর আবার বেড়ে গেছে। ডাক্তার বলেছেন, এটা ভালো লক্ষণ না। হামের ভাইরাস শরীরের প্রতিরোধ ক্ষমতা এমনভাবে ভেঙে দেয় যে বাইরের জীবাণু সহজে ঢুকে পড়ে। ফুসফুসে নতুন করে সংক্রমণ হয়েছে। অ্যান্টিবায়োটিক বদলানো হয়েছে, আরও শক্ত ওষুধ দেওয়া হয়েছে। মনিটরের সংখ্যা নামছে। ৮৬। ৮৪। ৮১। নার্স দৌড়ে ডাক্তারকে ডেকে আনেন। ডাক্তার বাবল সিপ্যাপের চাপ বাড়ান, বোতলের ভেতর নলটা আরেকটু নিচে নামিয়ে দেন। বুদবুদ আরও জোরে ওঠে। সংখ্যাটা একটু থামে। ৮৩। তারপর আবার নামে। "আইসিইউতে নিতে হবে," ডাক্তার রাশেদকে বলেন। "ভেন্টিলেটর লাগবে। আমি ফোন করছি।" একটা বেড খালি হতে দেড় ঘণ্টা লাগে। পুরো দেশজুড়ে হাজার হাজার বাচ্চা এখন হাসপাতালে, আইসিইউর প্রতিটা বেডের জন্য অপেক্ষা। সেই দেড় ঘণ্টা ডাক্তার মেয়েটা একবারের জন্যও আরশির পাশ থেকে সরেননি। একহাতে স্টেথোস্কোপ, আরেক হাতে বারবার নাকের নলটা ঠিক করে দিচ্ছিলেন। . আইসিইউর কাচের দরজার ওপাশে আরশিকে দেখা যায়। মুখে বড় একটা নল, বুকে তার, হাতে স্যালাইন। যন্ত্রটা নিজের ছন্দে ওর ছোট্ট বুকে বাতাস ঠেলে দিচ্ছে, তারপর বের করে নিচ্ছে। আইসিইউর বড় ডাক্তার রাশেদ আর মারুফাকে একপাশে ডেকে নেন। গলার স্বর নরম, কিন্তু কথাগুলো স্পষ্ট। "আমরা যা যা করা সম্ভব, সব করছি। সঠিক অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ভেন্টিলেটর, ভিটামিন এ, স্যালাইন, সবই চলছে। কিন্তু হামের পর নিউমোনিয়া এত ছোট বাচ্চার ফুসফুস প্রায় পুরোটা দখল করে ফেলেছে। রক্তেও সংক্রমণ ছড়িয়েছে। রক্তচাপ ধরে রাখতে ওষুধ দিতে হচ্ছে। আপনারা দোয়া করেন।" মারুফা জিজ্ঞেস করে, "আর কিছু কি করা যায় না? অন্য কোনো ওষুধ? বাইরের কোনো হাসপাতাল?" ডাক্তার একটু চুপ করে থাকেন। "হামের ভাইরাস মারার কোনো ওষুধ নেই, মা। আমাদের হাতে আছে শুধু শরীরটাকে সময় দেওয়া, যাতে সে নিজে লড়তে পারে। ওকে আমরা সেই সময়টা দেওয়ার চেষ্টা করছি।" . সকাল ছয়টা চল্লিশ। আইসিইউর ভেতর থেকে হঠাৎ একসঙ্গে কয়েকটা যন্ত্রের শব্দ। কাচের দরজার ওপাশে দৌড়াদৌড়ি। কেউ একজন আরশির ছোট্ট বুকে দুই আঙুল দিয়ে চাপ দিচ্ছেন, একবার, দুবার, তিরিশবার। আরেকজন ইনজেকশন দিচ্ছেন। ঘড়ির দিকে তাকিয়ে কেউ সময় বলছেন। চল্লিশ মিনিট। তারপর সবকিছু থেমে যায়। বড় ডাক্তার বেরিয়ে আসেন। মাস্কটা খুলে হাতে নেন। কিছু বলার আগেই মারুফা বুঝে যায়। . আরশিকে শেষবার কোলে দেওয়া হয় মারুফার। শরীরটা তখনো একটু উষ্ণ। মুখের লাল দাগগুলো ফ্যাকাশে হয়ে এসেছে। ঠোঁটের কোণে সেই ঘা। মারুফা মেয়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কিছু বলে। কী বলে, কেউ শোনে না। রাশেদ ফোন বের করে সেই ভিডিওটা চালায়। টলমল পায়ে তিন পা হেঁটে বাবার কোলে পড়ে যাওয়া। খিলখিল হাসি। "আমার মা হাঁটা শিখে গেছে! এবার আর কে আটকায়!" ভিডিওটা শেষ হয়। স্ক্রিন কালো হয়ে যায়। . বাসায় ফেরার পর আলমারির ড্রয়ার খুলে মারুফা টিকা কার্ডটা বের করে। নয় মাসের ঘরটা ফাঁকা। পনেরো মাসের ঘরটাও ফাঁকা থেকে যাবে, চিরদিনের জন্য। একটা ইনজেকশন। সরকারি টিকা কেন্দ্রে বিনা পয়সায়। পাঁচ মিনিটের কাজ। "পরের সপ্তাহে।" ------------------- এই গল্পের চরিত্রগুলো কাল্পনিক। কিন্তু ২০২৬ সালে বাংলাদেশে হামে মারা যাওয়া সাতশোর বেশি শিশুর প্রতিটি পরিবারের গল্প এর চেয়ে আলাদা নয়। হাম থেকে বাঁচার উপায় টিকা। নিয়মিত টিকাসূচিতে এমআর টিকার দুটি ডোজ দেওয়া হয়, ৯ মাস আর ১৫ মাস বয়সে। এখন দেশে হামের আউটব্রেক চলছে। তাই ৬ মাস বয়স পার হলেই শিশুকে একটি বাড়তি ডোজ দেওয়া যায়। কারণ এত ছোট বয়সেই অনেক শিশু হামে আক্রান্ত হচ্ছে। মনে রাখবেন, এই বাড়তি ডোজটি নিয়মিত ডোজের বদলি নয়। এটা দেওয়ার পরও ৯ মাস আর ১৫ মাসের দুটি ডোজ অবশ্যই দিতে হবে। সরকারি টিকা ক্যাম্পেইন চলার সময় শিশু আগে টিকা পেয়ে থাকলেও আবার টিকা দিন। ক্যাম্পেইনের ডোজ সবার জন্য। সামান্য সর্দি টিকা না দেওয়ার কারণ নয়। কোনো ডোজ বাদ পড়লে আজই নিকটস্থ টিকা কেন্দ্রে যান। আর বাড়িতে বা আশেপাশে কারো জ্বরের সঙ্গে গায়ে লাল দানা, কাশি আর চোখ লাল দেখলে তাকে শিশুদের থেকে আলাদা রাখুন। #Dr_M_R_Sifat (অনুমতি ছাড়া কন্টেন্ট কপি করবেন না)
Open in Telegram//পরের সপ্তাহে// রাত তখন দুটো বেজে দশ। শিশু ওয়ার্ডের আইসোলেশন রুমে আলো কমানো। শুধু মনিটরের সবুজ সংখ্যাগুলো জ্বলছে আর নিভছে। ৮৮... ৮৬... ৮৯... মারুফা বিছানার পাশে টুলে বসে আছে। মেয়ের ছোট্ট হাতটা নিজের দুই হাতের মধ্যে ধরা। আরশির নাকে সরু নল। পাশে একটা পানির বোতলে অনবরত বুদবুদ উঠছে, বুক-বুক-বুক করে। নার্স বলেছিলেন এটাকে বাবল সিপ্যাপ বলে। বুদবুদের শব্দটা যতক্ষণ চলে, মারুফার মনে হয় মেয়েটা ততক্ষণ আছে। আরশির বয়স এগারো মাস। বুকটা খুব দ্রুত ওঠানামা করছে, পাঁজরের নিচটা প্রতিবার ভেতরে দেবে যাচ্ছে। সারা গায়ে লালচে-বাদামি দাগ, মুখে আর গলায় সবচেয়ে বেশি। ঠোঁটের কোণে শুকনো ঘা। চোখ দুটো আধবোজা। মারুফা মেয়ের কপালে হাত রাখে। গরম। এত ছোট একটা শরীরে এত জ্বর কোথা থেকে আসে, সে বুঝতে পারে না। . মাত্র এক মাস আগের কথা। সকালবেলা রান্নাঘরে চা বসিয়েছিল মারুফা। হঠাৎ রাশেদের চিৎকার, "মারুফা! তাড়াতাড়ি আসো, দেখো!" দৌড়ে গিয়ে দেখে, আরশি সোফার হাতল ছেড়ে দাঁড়িয়ে আছে। একা। দুই হাত দুই দিকে মেলে দিয়ে, যেন উড়তে যাচ্ছে। তারপর টলমল করে এক পা, দুই পা, তিন পা ফেলে ধপ করে বাবার কোলে পড়ে গেল। আর সে কী হাসি! দাঁতহীন মাড়ি বের করা সেই খিলখিল হাসি। রাশেদ মোবাইলে ভিডিও করতে করতে বলছিল, "আমার মা হাঁটা শিখে গেছে! এবার আর কে আটকায়!" সেই ভিডিও এখনো মারুফার ফোনে আছে। গত তিন দিনে সে ভিডিওটা কতবার দেখেছে, গুনে রাখেনি। আরশি ছিল পুরো বাড়ির প্রাণ। সন্ধ্যায় বাবার মোটরসাইকেলের শব্দ শুনলেই দরজার দিকে হামাগুড়ি দিত। দাদির পানের বাটা উল্টে ফেলে নিজেই অবাক হয়ে তাকিয়ে থাকত। কেউ "আরশি" বলে ডাকলে মাথা কাত করে এমনভাবে তাকাত, যেন সব বুঝে ফেলেছে। . নয় মাস পূর্ণ হওয়ার দিন টিকা দেওয়ার কথা ছিল। হাম-রুবেলার টিকা। টিকা কার্ডে তারিখটা লেখা ছিল। সেদিন সকালে আরশির একটু সর্দি ছিল, নাক দিয়ে পানি পড়ছিল। মারুফার শাশুড়ি বললেন, "অসুখের মধ্যে টিকা দিও না বউমা, জ্বর আসবে। সুস্থ হলে পরের সপ্তাহে দিও।" মারুফাও ভাবল, ঠিকই তো। পরের সপ্তাহে। পরের সপ্তাহে রাশেদের অফিসে অডিট। তার পরের সপ্তাহে মারুফার বাবার বাড়িতে বিয়ের দাওয়াত। তারপর টিকা কেন্দ্রে গিয়ে শুনল সেদিন টিকা দেওয়া হবে না, বৃহস্পতিবার আসতে হবে। বৃহস্পতিবার বৃষ্টি। "এত তাড়ার কী আছে? বাচ্চা তো সুস্থই আছে।" কথাটা কে বলেছিল, মারুফার এখন আর মনে নেই। হয়তো সে নিজেই। টিকা কার্ডটা আলমারির ড্রয়ারে পড়ে রইল। নয় মাসের ঘরটা ফাঁকা। . বাসায় কাজ করে জোছনা খালা। বছর তিনেক ধরে আছে, ঘরের মানুষের মতো। আরশিকে কোলে নিয়ে ঘুম পাড়ানো, গোসল করানো, খাওয়ানো, অনেক কিছুই তার হাতে। একদিন জোছনা খালা এসে বলল, "আপা, আমার ছোট পোলাটার কয়দিন ধইরা জ্বর। গায়ে কেমন লাল লাল দানা উঠছে। চোখও লাল। বস্তিতে অনেক বাচ্চার নাকি এমন হইতেছে।" মারুফা রান্না করতে করতে বলেছিল, "গরমের সময় এমন হয়। প্যারাসিটামল খাওয়াও, ঠিক হয়ে যাবে।" পরদিন খালা ছেলেটাকে সঙ্গে নিয়েই এল। ঘরে দেখার কেউ নেই, একা রেখে আসবে কীভাবে? ছেলেটা কাশছিল, নাক মুছছিল। দুপুরে আরশির পাশে মেঝেতে বসে ওর খেলনার গাড়ি নিয়ে খেলল কিছুক্ষণ। আরশি হাততালি দিয়ে হাসছিল। কেউ কিছু ভাবেনি। জ্বর তো জ্বরই। বাচ্চাদের হয়, সেরে যায়। টিভিতে তখন খবর চলছিল, সারা দেশে হামের প্রকোপ বাড়ছে, হাসপাতালে জায়গা নেই। রাশেদ চ্যানেল বদলে দিয়েছিল। খেলা চলছিল অন্য চ্যানেলে। . এগারো দিন পর আরশির জ্বর এল। প্রথম দুই দিন সাধারণ জ্বরই মনে হলো। তারপর শুরু হলো কাশি, নাক দিয়ে পানি, চোখ টকটকে লাল। আলোর দিকে তাকাতে পারছিল না, চোখ কুঁচকে মায়ের বুকে মুখ লুকাত। খাওয়া প্রায় বন্ধ। চতুর্থ দিন রাতে মুখে, কানের পেছনে লাল লাল দানা উঠল। পরদিন সকালে সেগুলো গলায়, বুকে, পেটে ছড়িয়ে গেল। মারুফার বুকের ভেতরটা তখনই প্রথম ঠান্ডা হয়ে গিয়েছিল। জোছনা খালার ছেলের মুখটা মনে পড়েছিল। পাড়ার ফার্মেসি থেকে সিরাপ এনে দুই দিন খাওয়ানো হলো। ষষ্ঠ দিন রাতে আরশির শ্বাস দ্রুত হয়ে গেল। বুকের ভেতর থেকে ঘড়ঘড় শব্দ। মারুফা দেখল, শ্বাস নেওয়ার সময় মেয়ের পেট আর বুকের মাঝখানটা ভেতরে ঢুকে যাচ্ছে। রাত তিনটায় সিএনজি নিয়ে হাসপাতালে। . জরুরি বিভাগের ডাক্তার মেয়েটা অল্পবয়সী। চোখে ক্লান্তি, কিন্তু হাত দুটো দ্রুত আর নিশ্চিত। আরশির আঙুলে ছোট একটা যন্ত্র লাগিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে তাঁর কপাল কুঁচকে গেল। অক্সিজেন ছিয়াশি। "হাম হয়েছে। নিউমোনিয়াও হয়ে গেছে। এখনই ভর্তি করতে হবে।" তারপর একটু থেমে জিজ্ঞেস করলেন, "নয় মাসের টিকা দিয়েছিলেন?" মারুফা উত্তর দিতে পারেনি। রাশেদ মাটির দিকে তাকিয়ে ছিল। ডাক্তার আর কিছু জিজ্ঞেস করেননি। শুধু বলেছিলেন, "আমরা সব চেষ্টা করব।"
Open in Telegramসকাল থেকে রাত পর্যন্ত আপনার মাথায় একটাই চিন্তা - টাকা, চাকরি, ভবিষ্যৎ। আপনার বন্ধু চাকরি পেয়ে গেল, আপনি পেলেন না। মনে হচ্ছে আপনি পিছিয়ে পড়ছেন, রিজিক বুঝি আটকে আছে। আপনি হিসাব মেলাতে মেলাতে ক্লান্ত হয়ে যাচ্ছেন। কিন্তু সকালে যে পাখিটা খালি পেটে বাসা থেকে বের হয়, সন্ধ্যায় সে ভরা পেটে ফেরে। তার তো কোনো সিভি নেই, ব্যাংক ব্যালেন্স নেই। তার আছে শুধু তাওয়াক্কুল। আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনাকে কি আপনার রব ভুলে যাবেন? আল্লাহ বলেন, وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا "জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর দায়িত্বে নয়।" সূরা হূদ ৬ চেষ্টাটা আপনার, আর দায়িত্বটা আল্লাহর। আজ একটু ভরসা করে দেখুন।
Open in Telegramকিছু কিছু ঘটনার পর কিছু মানুষের প্রতি আমাদের অনুভূতিটা আর আগের মতো থাকে না। মানুষটা যত কাছেরই হোক না কেন! ব্যাপারটা এমন নয় যে, তাকে ঘৃণা করি। তার ওপর খুব রাগ জমে আছে, তাও নয়। শুধু মনের ভেতর কোথাও একটা পরিবর্তন হয়ে যায়। এরপরও কথা হয়, প্রয়োজনে উত্তর দিই, কখনো হাসিমুখে মিশিও। কিন্তু আগের সেই আন্তরিকতাটা আর আসে না। আগের মতো স্বস্তি পাই না তার সান্নিধ্যে। যে মানুষটাকে একসময় অন্যরকম চোখে দেখতাম, নির্দ্বিধায় বিশ্বাস করতাম, যার কাছে নিজেকে নিরাপদ মনে হতো, হঠাৎ করেই তার প্রতি সেই অনুভূতিগুলো বদলে যায়। নিজের ইচ্ছার বাইরেই। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, মানুষটা হয়তো বুঝতেও পারে না, তার কোন আচরণটা আমাদের এতটা বদলে দিয়েছে। অথচ আমরা ঠিকই জানি, কোথায়, কখন, কীভাবে সবকিছু বদলে গেল। মনের ভেতর কিছু একটা একবার নিঃশব্দে ভেঙে গেলে, সেটা আর কখনো পুরোপুরি আগের অবস্থায় ফেরে না। তবু জীবন চলতে থাকে। মানুষটা পাশে থাকুক কিংবা না থাকুক। শুধু সম্পর্কটা হয়তো থেকে যায়, আগের অনুভূতিটা আর থাকে না। #ফ্যাক্ট_অফ_লাইফ
Open in Telegramফেসবুকে স্ক্রল করতে করতে একটা মৃত্যুর খবর দেখলেন। ইন্নালিল্লাহ লিখে আবার স্ক্রল শুরু করলেন। খুব স্বাভাবিক, তাই না? কিন্তু যে মানুষটা আজ খাটিয়ায় শুয়ে আছে, গতকাল সেও তোমার মতোই প্ল্যান করছিল। আগামীকাল কী করবে, কোথায় যাবে। সে ভাবেনি আজকেই তার শেষ দিন। আল্লাহ বলেন, قُلْ إِنَّ الْمَوْتَ الَّذِي تَفِرُّونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيكُمْ "বল, যে মৃত্যু থেকে তোমরা পালাচ্ছো, সে অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে।" সূরা জুমুআ ৮ একদিন আমাদের ছবিতেও মানুষ ইন্নালিল্লাহ লিখবে। তার আগে চলুন একবার নিজের আমলনামাটা গুছিয়ে নেই।
Open in Telegram