রামাদানের প্রস্তুতি ৭ অনেকে বলেন রামাদানে বেশি বেশি কুরআন খতম দিতে। সালাফরা দিতেন। অনেকে বলেন না বুঝে খতম দিতে না থেকে তাফসীর পড়েন। আপনি কোনটা করবেন? আচ্ছা, এটা নিয়ে এত আগে কথা বলে কী হবে? ওই যে, পরিকল্পনা করা। আগে থেকে যদি একটা পরিকল্পনা থাকে, প্রস্তুতি নেয়া যায়। অভ্যস্ত হওয়া যায়। নাহলে রামাদানের প্রথম সপ্তাহ কেবল ভাবতে আর "ট্রায়াল এরোর" করতে ব্যয় হবে। যারা আরবী ভাষা জানেন, কুরআন পড়ে গেলে বুঝেন এবং সাবলীলভাবে কুরআন পড়তে পারেন- তাদের জন্য খতম বেশি দেয়ার দিকে মনোনিবেশ করা অনেক উপকারী। কারণ যখনই তারা পড়বেন তখনই মোটামুটি বুঝবেন আল্লাহ কী বলছেন। যদিও তাফসীরের বিকল্প নেই। সেই প্রসঙ্গে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইন শা আল্লাহ। এরকম যারা, তারা অন্তত তিনবার খতম দেয়ার টার্গেট রাখতে পারেন। যারা ভাষা জানেন না, কিন্তু সাবলীলভাবে কুরআন পড়তে পারেন, তারাও কুরআন খতম আর তাফসীর পড়ার একটা সুন্দর প্ল্যান করতে পারেন। যেমন রামাদানে দুই খতম আর নির্ধারিত সময় তাফসীর পড়া। কুরআন সহজে পড়ে যেতে পারলে খুব বেশি সময় লাগে না। দিনে দুই পারা শেষ করতে এক ঘণ্টা লাগবে। যারা সহিহ করে পড়তে পারেন কিন্তু পড়তে সময় লাগে, তারা এক খতম দেয়ার চেষ্টা করতে পারেন। এটাতেই অনেক সময় চলে যাবে। বাকি সময়টা তাফসীর পড়াতে মন দিতে পারেন। অনেকে বলেন পূর্ববর্তীরা সব বাদ দিয়ে অজস্র খতম দিতেন তাই কোনদিকে না তাকিয়ে খতম দিন। এটা নির্ভর করবে আপনি কী চান তার উপর। পূর্ববর্তী যাদের উদাহরণ আমরা পাই, তারা তাফসীর জানতেন, ভাষা জানতেন। এমতাবস্থায় যতবার পড়বেন ততবার হৃদয়ে ভালো প্রভাব পড়বে। সোয়াব তো হবেই। যারা ভাষা জানেন না, অর্থ বোঝেন না, তারা পড়ে গেলে সোয়াব হবে ইন শা আল্লাহ। কিন্তু, হৃদয়ের কী হবে? তাই আপনি যদি শুধু সোয়াবটুকুই চান, তাহলে খতম দিবেন। যদি মনে করেন রামাদান সুবর্ণ সুযোগ আপনার কুরআন পড়ার অভ্যাসকে দৃঢ় করার, তাহলে খতম দিবেন যতবার সম্ভব। কেউ যদি চান অর্থ বুঝতে, কুরআনের শিক্ষা বুঝে এগোতে, তাহলে কুরআন একবার খতম দিন, আর সাথে তাফসীর পড়তে মন দিন। যেটা আপনার পরিস্থিতিতে, আপনার সামর্থ্য অনুযায়ী, আপনার জন্য উপকারী, সেটা করুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা করুন। আগে তাই ভাবুন, ঠিক করুন আপনার জন্য কী করা উপযুক্ত। যেটা বেছে নিবেন, সেই অনুযায়ী প্র্যাকটিস করুন। যিনি অনেকবার খতম দিতে চান তার এখন থেকেই পড়া প্র্যাকটিস করা লাগবে। যিনি একবার খতম দিতে চান তারও চেষ্টা করতে হবে নিয়মিত পড়ার অভ্যাস করার। সেটা কিভাবে করবেন? একাধিক খতম এর প্ল্যান থাকলে এখন থেকেই দিনে অন্তত ১০ পাতা করে পড়ুন (মাদানী মুসহাফ এর হিসাবে বলছি)। দুই মাসে একবার খতম হবে। তৃতীয় মাসে এক পারা করে পড়ুন দিনে। চতুর্থ মাসে দুই পারা করে, অর্থাৎ দুইবার খতম হবে। পঞ্চম মাসে চেষ্টা করুন আরেকটু বাড়াতে। এরপর রামাদান। তিন পারা ইন শা আল্লাহ অনায়াসে পড়তে পারবেন দিনে। অর্থাৎ অন্তত তিন খতম। যারা এক পারা করে পড়তে চান রামাদানে, তারা প্রথম দুই মাসে একবার খতম দিয়ে এরপর রামাদান পর্যন্ত মাসে/দেড়মাস এ একবার খতম দিতে চেষ্টা করুন। দেখবেন রামাদানে বিষয়টি সহজ হয়ে আসবে ইন শা আল্লাহ। আর এই সম্পূর্ণ প্রস্তুতিপর্বে আল্লাহর কাছে অনেক বেশি করে দোয়া করুন, তৌফিক চেয়ে।
Open in TelegramPosts of With the Qur'an
নিজের মনের কথা শুনতে যদি হয়, সারাদিন শেষে মন বলছে আজকে তোমার একটা ঝামেলার দিন ছিল, এখন রিভিশন দিতে বসার দরকার আছে? গতকালও বলেছিল, একটু তো বিশ্রাম দরকার! আমি জানি আগামীকালও বলবে, আজকে তো সকাল থেকেই কিছু না কিছু চলছে, আজকে কিভাবে পড়বে? আর আগামীকাল কেন? মন এখনই আজকের আর আগামীকালের অজুহাত খুঁজে আনছে। রোজ কিছু না কিছু চলবে। কিন্তু মনের অনুসরণ করা যাবে না। মনকে একটু তারবিয়্যা দিতে হবে। তোমার ইচ্ছামত তো সব হবে না। ইচ্ছা না করলেও কিছু রুটিন থাকতে হবে জীবনে। যেমন রিভিশনের রুটিন। আর ঝামেলামুক্ত দিন জীবনে হয়ত একটাও আসবে না। তারপরও, কুরআন রিভিশনের রুটিন থাকতে হবে। কখনো কম থাকতে পারে, কখনো বেশি। কিন্তু ঝামেলা হলেই "থাক"- মনের এই দাবী মেনে নিলে একদিন হয়ত রিভিশনটা আর থাকবেই না। তাই মনের কথা সবসময় শুনলে হবে না। আমাদের সাথে আমাদের রবের অনেক বড় একটা কানেকশন এই কুরআন পড়া। এর মাঝে নিজেদের মনটাও বাধা হয়ে না আসুক কখনো।
Open in Telegramরামাদানের প্রস্তুতি ৬ প্রস্তুতি নিয়ে যখন বলা হয়, উদ্দেশ্য এটা থাকে না যে সকলের সব রকম প্রস্তুতি নিতে পারতেই হবে। উদ্দেশ্য থাকে আইডিয়া দেয়া- সব না হোক কিছু হয়ত কাজে আসবে। একেক জনের জন্য একেকটা আইডিয়া সহজ লাগবে, এবং সেই অনুযায়ী কিছুটা প্রস্তুত হওয়া যাবে। সিয়াম পালন করে যারা খুব অভ্যস্ত না, তাদের রামাদানের প্রথম দুই তিন দিন সিয়ামের ধাক্কা সামলাতে চলে যায়। অনেকে সিয়ামরত অবস্থায় দুর্বল বোধ করেন। অনেকের মাথা ব্যথা করে। এবং বলেন যে কুরআন পড়তে পারছেন না। কারো কারো ক্ষেত্রে বিষয়টা অভ্যাসের না, যখনই সিয়াম রাখেন তখনই সমস্যা হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিষয়টা অভ্যাসের। তাই যাদের সিয়াম রাখার অভ্যাস নেই, তারা চেষ্টা করতে পারেন সপ্তাহে একদিন করে হলেও সিয়াম রাখার এখন থেকে। সোমবার। বা বৃহস্পতিবার। অভ্যস্ত হয়ে গেলে দুই দিনই। এতে কী হবে? সিয়ামের সোয়াব তো হবেই ইন শা আল্লাহ। সিয়ামে শরীর অভ্যস্ত হয়ে যাবে, ফলে রামাদানের প্রথম দিন গুলো অসুস্থ লাগবে না ইন শা আল্লাহ। আর তাই তখন শরীর খারাপ লাগছে, দুর্বল লাগছে, মাথা ব্যথা করছে বলে কুরআন থেকে দূরে থাকতে হবে না ইন শা আল্লাহ।
Open in Telegramআমাদের অ্যাপের নতুন আপডেট এ কিছু নতুন ফিচার এসেছে। নিচের লিংকে কিছু ভিডিও আছে সেই ফিচারগুলো নিয়ে। https://wtq.ideas2serve.net/help/
Open in Telegramরামাদানের প্রস্তুতি ৫ কুরআন সহিহ করে পড়তে শেখা একটা বিষয়। আর কুরআন নিয়মিত পড়া কিন্তু আরেকটা বিষয়। অনেকে যারা সহিহ করে পড়তে কখনো শিখেছিলেন, নাজেরা করেছিলেন, তারা চর্চার অভাবে সেটা হারিয়ে ফেলতে পারেন। পড়ার মান খারাপ হতে পারে। এরকম কারো হয়ে থাকলে তার উচিত হবে কাউকে নিয়মিত পড়া শোনানো। যেন রামাদানে বেশি করে কুরআন পড়তে পারেন। ----- কেউ হয়ত সহিহ করে কুরআন পড়তে পারেন। পড়েন ও। কিন্তু এতটা নিয়মিত হয়না যে যেকোনো স্থান থেকে অনায়াসে পড়তে পারবেন, তিনি কিভাবে প্রস্তুতি নিবেন? প্রতিদিন যদি পাঁচ পৃষ্ঠা করে কেউ কুরআন পড়া শুরু করেন আগামীকাল থেকে, ইন শা আল্লাহ রামাদানের আগে একটা খতম হয়ে যাবে। পাঁচ পৃষ্ঠা পড়তে এক দিনে কত সময় যায়? খুব বেশি হলে আধ ঘণ্টা। সেটা এত অল্প সময় যে, একবারে বসে পড়ে ফেলা সম্ভব। অথবা প্রতি সালাতের পর এক পৃষ্ঠা করে পড়া সম্ভব। অর্থাৎ প্রতি সালাতের পর পাঁচ মিনিট সময়। কেউ কি বলবেন এই সময়টুকুও বের করা সম্ভব না? না। এটা আমরা কেউ বলবো না ইন শা আল্লাহ। এভাবে পড়ে লাভ কী? অভ্যস্ত হওয়া। কুরআন পড়তে। কুরআন নিয়ে বসতে। কুরআন শুদ্ধ করে পড়তে। এই অভ্যাস আমাদের এমনিতেই থাকা উচিত সারাবছর। রামাদান এ সেটা আরো বৃদ্ধি পাওয়ার কথা। সারা বছর কুরআন নিয়ে না বসে রামাদানে শুধু পড়তে গেলে হোঁচট খাওয়া স্বাভাবিক। সেটাই আমরা চাইছি না। আমরা চাইছি আগে থেকে পড়া সুন্দর করতে, পড়ার অভ্যাস করতে যেন কুরআনের মাস আসলে আমরা কোনমতে আটকে আটকে কুরআন পড়ার চাইতে সুন্দর কিছু করতে পারি। (ওল্ড পোস্ট)
Open in Telegramকিছু মুহূর্ত থাকে, আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবো বুঝতে পারি না। একসাথে সব অনুভূতি ভিড় করে- আল্লাহ কোথায় পৌঁছে দিতে পারেন কারো কাজ, কোথায় কত মানুষের উপকার হতে পারে- আমরা ভাবি কিভাবে পৌঁছাবে। আমাদের দায়িত্ব তো কাজ করে যাওয়া। পৌঁছে দিতে চাইলে আল্লাহ কোথায় না পৌঁছে দিতে পারেন! আমাদের With the Quran অ্যাপটি নিয়ে অনেক জায়গা থেকেই এমন এমন ঘটনা শুনেছি যা মন ছুঁয়ে গিয়েছে। দিনের পর দিন এই অ্যাপ নিয়ে কাজ করার পথে সেগুলো ছিল বরফ শীতল পানির মত প্রশান্তি দায়ক। তবে এবারের অভিজ্ঞতা আরো অন্যরকম সুবহানআল্লাহ। রাশিয়া থেকে একজন ইমেইল করেছেন। তিনি ইংরেজি জানেন না। অনুবাদ করে নিচের লেখাটি পাঠিয়েছেন। As-salamu alaikum! Thank you for replying to my email. I learned to use the app through trial and error. I also know some English words. I teach Tajweed and Quran recitation. I created a PDF document with the app's translation for my students. But it's not as convenient as if the app itself were entirely in Russian. I'm also sending you the PDF file in this email. অর্থাৎ: আসসালামু আলাইকুম! আমার ইমেইলের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি চেষ্টা করতে করতে (Trial and Error) অ্যাপটি ব্যবহার করতে শিখেছি। ইংরেজির কিছু শব্দও আমি জানি। আমি তাজবিদ ও পবিত্র কুরআন তিলাওয়াত শেখাই। আমি অ্যাপটির অনুবাদ ব্যবহার করে আমার শিক্ষার্থীদের জন্য একটি PDF ডকুমেন্ট তৈরি করেছি। তবে অ্যাপটি সম্পূর্ণ রুশ ভাষায় হলে যেভাবে ব্যবহার করা সুবিধাজনক হতো, বর্তমান পদ্ধতিতে ততটা সুবিধা হচ্ছে না। আমি এই ইমেইলের সঙ্গে PDF ফাইলটিও পাঠাচ্ছি। ------- অনেকেই বলেন অ্যাপটি ব্যবহার করা শিখিয়ে দিতে। আমরাও মাথায় রেখেছি সেকথা। অথচ এখানে সুদূর রাশিয়া থেকে একজন, ভাষা জানেন না, সবটুকু বুঝতে পারেন না অ্যাপের, কিন্তু শিক্ষক হিসেবে শুধু ব্যবহার করছেন তাইই না, ছাত্রদের জন্য ম্যানুয়াল বানিয়ে ফেলেছেন এই অ্যাপের, উনার সাধ্যমত, রাশিয়ান ভাষায়! এই ছাত্ররাও এভাবে অ্যাপটি ব্যবহার করছেন! সেই সাথে ইমেইলে তিনি খোঁজ দিয়েছিলেন একজন ইংলিশ জানা রাশিয়ান প্রোগ্রামার ভাইয়ের, যদি কোনো সাহায্য হয় সেই আশায়। সুবহানআল্লাহ! আমাদের দায়িত্ব হলো যা পারি দ্বীনের জন্য করে যাওয়া। আল্লাহ কই পৌঁছাবেন আমাদের কল্পনারও বাইরে! আল্লাহ যেন এই অ্যাপের সম্পূর্ণ টিমকে কবুল করেন।
Open in Telegramরামাদানের প্রস্তুতি ৪ কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কালাম। আর আমরা মুসলিম। তারপরও কেন যেন সাধারণভাবে বেশিরভাগ মানুষ কুরআন থেকে অনেক দূরে। পড়া থেকে। বুঝা থেকে। শিক্ষা নেয়া থেকে। মানুষ যখন অল্প অল্প দ্বীনের দিকে ফিরে, কুরআনের অর্থ বুঝতে চায়। সেটা অনেক প্রশংসনীয় বিষয়। কিন্তু অনেকেই আর সময় করে উঠতে পারেন না কুরআন পড়তে শেখার বিষয়ে। অনেকে খোঁজেন সহজে কোনোভাবে শেখা যায় কিনা। কুরআন শিক্ষার তো কোনো ট্যাবলেট নেই যে রাতারাতি শেখা হয়ে যাবে। তিরিশ সেকেন্ড এর রিল দেখে শেখারও উপায় নেই। এই জায়গায় অনেকে আবার শুরু করতে অস্বস্তি বোধ করেন। ভয় পান। সময় পান না। ছোট বেলায় মুখস্থ করা সূরা গুলো ছাড়া, আর কিছুই পড়তে পারেন না। অনেকে শুধু মুসহাফের (কুরআনের লিখিত কপি) শেষ পৃষ্ঠা থেকে তিনটা সূরা পারেন। আর কিছু পড়তে গেলে অর্থ বিকৃত হয়ে যায়। অনেকে হরফ চেনেন না। মুসলিম হিসেবে এমন জীবন তো কাম্য না তাই না, যেই জীবনের সৃষ্টি হয়েছিল আল্লাহর ইবাদতের জন্য; অথচ সেই জীবনে আল্লাহর কালাম উচ্চারণ করার আগ্রহ নেই? রামাদান আসতে এখনও প্রায় পাঁচ মাস বাকি। যারা কুরআন পড়া ভুলে গিয়েছেন, তারা টিচার খুঁজুন, দৃঢ় নিয়ত করুন কায়দা পড়ে আমপারা সহিহ ভাবে পড়তে শেখার। যাদের মনে আছে কিভাবে পড়তে হয়, পড়েন কিন্তু উচ্চারণ ঠিক আছে কিনা জানেন না, তারাও কারো কাছে পড়া দিন। যেন কোনো ভুল থাকলে শুধরে নেয়া যায়। যারা সহিহ করে পড়া শিখেছেন, কিন্তু সূরা তেমন মুখস্থ নেই, তারা মুসহাফ দেখে দেখে নফল সালাতে সূরা ফাতিহার পর সূরা মিলিয়ে পড়ুন। ওই যে আমরা আগের পোস্টে কিয়ামুল লাইল, সালাতুদ দোহার কথা বলেছিলাম? সেসব সালাতে ফাতিহার পর দেখে দেখে সূরা মিলিয়ে পড়ুন। এই পাঁচ মাসে, কুরআনের সাথে সম্পর্ক আরো মজবুত করে নিবো আমরা ইন শা আল্লাহ, যেন রামাদানে সেই সম্পর্ক আরো অনেক দৃঢ় হয়। যারা কুরআন সহিহ করে পড়তে পারেন, নাজেরা করেছেন, তারা কিভাবে প্রস্তুতি নিবেন? ইন শা আল্লাহ সামনে সেই প্রসঙ্গ আসবে। (ওল্ড পোস্ট)
Open in Telegram